হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (১০ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজন মারা যান।
নিহতরা হলেন-নবীগঞ্জ উপজেলার দীঘলবাঁক ইউনিয়নের কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে ও ইনাতগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী মশহুদ আহম্মদ (৪০), ইনাতগঞ্জ দক্ষিণ গ্রামের ময়না মিয়ার ছেলে সবজি ব্যবসায়ী আবুল কাশেম (৫০) এবং ইনাতগঞ্জ বাজারের ফাহিম সবজি ভাণ্ডারের কর্মচারী ময়না মিয়া (৩০)।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে ইনাতগঞ্জ বাজারের কয়েকজন সবজি ব্যবসায়ী ও কর্মচারী পিকআপ ভ্যানে করে বাহুবল উপজেলার দিগাম্বর বাজারে কাঁচামাল কিনতে যাচ্ছিলেন।
পথে রোকনপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা লাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা মশহুদ আহম্মদ ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় পিকআপের চালকসহ চারজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আবুল কাশেম ও ময়না মিয়ার মৃত্যু হয়। আহত আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি পরে আউশকান্দি এলাকায় জব্দ করা হয়েছে। বাস ও পিকআপটি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।