চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৩৩ শতাংশ। এ বছর বোর্ডের অধীনে ৩ হাজার ৮৩৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছরের তুলনায় পাসের হার কমলেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২২২ জন।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন।
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৯ হাজার ৪২১ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৯৫৭ জন।
এবার পাসের হার ও জিপিএ-৫-দুই ক্ষেত্রেই ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে।
গত বছর সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১০ দশমিক ২৪ শতাংশ পয়েন্ট।
তবে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এবার উল্টো চিত্র দেখা গেছে। গত বছর ৩ হাজার ৬১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। এবার এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৩৬ জনে।
এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে।
বোর্ড সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যাও কমেছে। এ বছর পরীক্ষায় অংশ নিয়েছে ৮৯ হাজার ৪২১ জন, যা গত বছরের তুলনায় ১২ হাজার ৭৯৮ জন কম।
পরীক্ষার্থীদের মধ্যে ৫৩ হাজার ৮৯১ জন ছাত্রী এবং ৩৫ হাজার ৫৩০ জন ছাত্র।
জেলাভিত্তিক ফলাফলে পাসের হারে এগিয়ে রয়েছে সুনামগঞ্জ। অন্যদিকে জিপিএ-৫ পাওয়ার দিক থেকে এগিয়ে রয়েছে মৌলভীবাজার।
সিলেট জেলায় এবার সবচেয়ে বেশি ৩৫ হাজার ৩৩১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ১৪ হাজার ৩২১ জন এবং ছাত্রী ২১ হাজার ১০ জন। জেলার ৩৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের জন্য কেন্দ্র ছিল ৯৪টি।
মৌলভীবাজারে পরীক্ষার্থী ছিল ১৯ হাজার ৯১৩ জন। এর মধ্যে ছাত্র ৭ হাজার ৬৩১ জন এবং ছাত্রী ১২ হাজার ২৮২ জন। জেলার ১৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ৩৭টি কেন্দ্রে পরীক্ষা দেয়।
সুনামগঞ্জে পরীক্ষার্থী ছিল ১৮ হাজার ৩৮৩ জন। এর মধ্যে ছাত্র ৭ হাজার ৫১৫ জন এবং ছাত্রী ১০ হাজার ৮৬৮ জন। জেলার ২৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পরীক্ষা কেন্দ্র ছিল ৪৫টি।
হবিগঞ্জে পরীক্ষার্থী ছিল ১৫ হাজার ৭৯৪ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ৬৩ জন এবং ছাত্রী ৯ হাজার ৭৩১ জন। জেলার ১৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৪৯টি কেন্দ্রে পরীক্ষা দেয়।
২০২৫ সালে সিলেট শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ। এর আগে ২০২৪ সালে এ হার ছিল ৭৩ দশমিক ৩৫ শতাংশ। অর্থাৎ ২০২৫ সালে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছিল ৪ দশমিক ৭৮ শতাংশ পয়েন্ট।
২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৬১৪ জন। এর আগের বছর ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৪৭১ জন।
গত বছর সিলেট শিক্ষা বোর্ডে ১ লাখ ২ হাজার ২১৯ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছিল ৭০ হাজার ৯১ জন এবং অকৃতকার্য হয়েছিল ৩২ হাজার ১২৮ জন।