রাজশাহী বোর্ডে এসএসসির পাসের হার ৭ বছরের মধ্যে সর্বনিম্ন

রাজশাহী সংবাদদাতা

সারাদেশ

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে বড় ধরনের অবনতি হয়েছে। এ বছর এ বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬৩

2026-08-10T15:30:53+00:00
2026-08-10T15:30:53+00:00
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ১০ আগস্ট ২০২৬
সারাদেশ
রাজশাহী বোর্ডে এসএসসির পাসের হার ৭ বছরের মধ্যে সর্বনিম্ন
রাজশাহী সংবাদদাতা
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:৩০ পিএম 
সংগৃহীত ছবি
চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে বড় ধরনের অবনতি হয়েছে। এ বছর এ বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশ, যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন।

গত বছর রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৬ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে এবার পাসের হার কমেছে ১৩ দশমিক ৯৯ শতাংশ পয়েন্ট।

সোমবার (১০ আগস্ট) রাজশাহী শিক্ষা বোর্ড প্রকাশিত সাত বছরের তুলনামূলক ফলাফলের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

এবার রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত ছিল ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিল ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ৯০৮ জন।

উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে প্রায় ১ লাখ ১২ হাজার শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশ।

গত কয়েক বছরের ফলাফলে দেখা যায়, ২০২৫ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৬ শতাংশ। ২০২৪ সালে ৮৯ দশমিক ২৬ শতাংশ, ২০২৩ সালে ৮৭ দশমিক ৮৯ শতাংশ, ২০২২ সালে ৮৫ দশমিক ৮৮ শতাংশ, ২০২১ সালে ৯৪ দশমিক ৯১ শতাংশ এবং ২০২০ সালে ৯০ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।

অর্থাৎ গত সাত বছরের মধ্যে এবারই রাজশাহী বোর্ডে পাসের হার সবচেয়ে কম।

ফলাফলে এবারও ছাত্রদের তুলনায় ভালো করেছে ছাত্রীরা। রাজশাহী বোর্ডে ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ। বিপরীতে ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৩৩ শতাংশ।

জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রীদের সাফল্য বেশি। এবার রাজশাহী বোর্ডে মোট ১৬ হাজার ১১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ৮ হাজার ৯৯১ জন ছাত্রী এবং ৭ হাজার ১২২ জন ছাত্র।

বিদ্যালয়ভিত্তিক ফলাফলেও এবার বড় ধরনের পরিবর্তন এসেছে। এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের মাত্র ৩৫টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গত বছর এ সংখ্যা ছিল ৯৯টি।

এর আগে ২০২৪ সালে ২৮৯টি, ২০২৩ সালে ১৭৮টি, ২০২২ সালে ১৪৭টি, ২০২১ সালে ৩৬৮টি এবং ২০২০ সালে ৩০৮টি বিদ্যালয়ের সব শিক্ষার্থী পাস করেছিল।

ফলে এক বছরের ব্যবধানে শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যা কমেছে ৬৪টি।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ইফফাত জেরিন বলেন, বর্তমান সরকার সংখ্যার চেয়ে শিক্ষার মান বা গুণগত দিককে বেশি গুরুত্ব দিচ্ছে। এ কারণে শুরুতে ফলাফলে কিছুটা ধাক্কা আসতে পারে।

তিনি আশা প্রকাশ করে বলেন, সামনে রাজশাহী শিক্ষা বোর্ডের ফলাফল আরও ভালো হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: