ধূমপান নিয়ন্ত্রণে দেশে আইন থাকলেও বাস্তবে এর যথাযথ প্রয়োগ হচ্ছে না। প্রকাশ্যে ধূমপান বন্ধে নিয়মিত আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
রোববার (৯ আগস্ট) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মাদকের ভয়াবহতার শুরু অনেক সময় ধূমপানের মধ্য দিয়ে হয়। তাই মাদকমুক্ত সমাজ গড়তে হলে প্রথমেই ধূমপানের বিস্তার নিয়ন্ত্রণ করতে হবে। এজন্য শুধু আইন প্রণয়ন করলেই হবে না, আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি পরিবার ও সমাজকে সচেতন করতে হবে।
প্রকাশ্যে ধূমপানের চিত্র তুলে ধরে ডা. জাহিদ বলেন, মোটরসাইকেল চালানোর সময়, রাস্তার পাশে কিংবা দোকানের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে ধূমপান করতে দেখা যায় অনেককে। অথচ প্রচলিত আইন অনুযায়ী এসব স্থানে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ। নিয়ম থাকলেও আইন প্রয়োগে ঘাটতি রয়েছে।
তিনি বলেন, প্রকাশ্যে ধূমপানের ঘটনায় ৫০, ১০০ বা ২০০ টাকা জরিমানা করা হলেও এর প্রভাব রয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে ধারণা তৈরি হবে যে প্রকাশ্যে ধূমপান কোনো স্বাভাবিক বিষয় নয়, বরং এটি আইন লঙ্ঘনের শামিল।
মাদক নিয়ন্ত্রণে স্থানীয় পর্যায়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে মাদকবিরোধী কমিটি গঠন করা যেতে পারে। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এসব কমিটিতে যুক্ত করলে মাদক প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
সভায় বাল্যবিবাহের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, দেশে এখনো বাল্যবিবাহের প্রবণতা উদ্বেগজনক। এটি বন্ধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তরুণ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষার প্রসঙ্গে তিনি বলেন, ২০ বছর বয়সের আগে সন্তান না নেওয়ার বিষয়ে তরুণ-তরুণীদের উৎসাহিত করা প্রয়োজন। এতে মায়ের স্বাস্থ্যঝুঁকি কমার পাশাপাশি শিশুর স্বাস্থ্য সুরক্ষাও নিশ্চিত করা সম্ভব হবে।
দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও সরকারদলীয় হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজ, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হকসহ জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।