চাঁদপুরের স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখতে জেলার দুটি সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার সকালে তিনি প্রথমে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে হাসপাতাল দুটির চিকিৎসাসেবার মান, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, হাজিরা খাতা এবং বিভিন্ন দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন মন্ত্রী। একই সঙ্গে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবা, সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতা চিহ্নিত করে তা সমাধানে সরকার কাজ করছে। দায়িত্ব গ্রহণের পর গত ছয় মাসে স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়ম ও সীমাবদ্ধতা চিহ্নিত করা হয়েছে। এসব সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার সারাদেশে ওয়ার্ডভিত্তিক কমিউনিটি ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে। এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আরও সহজলভ্য ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি স্বাস্থ্য খাতের জনবল সংকটসহ অন্যান্য সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন তিনি।
এদিকে, চাঁদপুরের স্বাস্থ্যসেবার সার্বিক কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। সকালে ভ্যাকসিন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল, পরিদর্শনকালে আলোচনার মাধ্যমে তা নিরসন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এর পরিপ্রেক্ষিতে চাঁদপুরের সিভিল সার্জনের প্রাথমিক বদলির আদেশ প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের সময় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লা সেলিমসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।