দিনাজপুর শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শহরের গুরুত্বপূর্ণ গিরিজা খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পুনঃখনন কার্যক্রম শুরু করেছে বিজিবি দিনাজপুর সেক্টর। এর মাধ্যমে খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে এনে জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিজিবি দিনাজপুর সেক্টরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শহরের মিশন রোড, ষষ্ঠীতলা ও দক্ষিণ বালিয়াডাঙ্গা এলাকার পানি নিষ্কাশনের অন্যতম মাধ্যম গিরিজা খাল দীর্ঘদিন অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে পলি, কচুরিপানা, আগাছা ও আবর্জনায় ভরে যায়। এতে খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা, দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ।
খালের দূষিত অবস্থার কারণে আশপাশের বাসিন্দা, বিজিবি সদস্য ও তাদের পরিবারসহ স্থানীয় জনগণ নানা ভোগান্তিতে পড়ছিলেন। পাশাপাশি মশা-মাছির উপদ্রব ও ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকিও বাড়ছিল। খালের পাশে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদেরও প্রতিকূল পরিবেশে পাঠদান কার্যক্রম চালাতে হচ্ছিল।
পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে গত ২২ থেকে ২৬ জুলাই পর্যন্ত বিজিবির নিজস্ব জনবল ও শ্রমিকদের মাধ্যমে খাল পরিষ্কার, কচুরিপানা ও আগাছা অপসারণ এবং আবর্জনা সরানোর কাজ করা হয়। এরপর ২৭ জুলাই থেকে রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগের এক্সকাভেটর মেশিন দিয়ে খালের ড্রেজিং ও পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে।
বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, গিরিজা খালের পুনঃখনন সম্পন্ন হলে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হবে, জলাবদ্ধতা কমবে এবং স্থানীয় মানুষের স্বাস্থ্যঝুঁকি অনেকটাই হ্রাস পাবে।
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য উন্নয়ন ও মানুষের জীবনমান বৃদ্ধিতে বিজিবির জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।