ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকা থেকে ২০ হাজার ১৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার নোয়াবাদী এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াবাদী এলাকায় আগে থেকেই অবস্থান নেয় বিজিবির একটি টহল দল। এ সময় ভারতের দিক থেকে বাংলাদেশের দিকে আসা এক ব্যক্তিকে মাথায় ঘাসভর্তি ঝুড়ি নিয়ে আসতে দেখে সন্দেহ হয়।
পরে বিজিবি সদস্যরা তাকে থামার নির্দেশ দিলে তিনি ঝুড়ি ফেলে দৌড়ে পালিয়ে যান। এরপর ফেলে যাওয়া ঝুড়িতে থাকা ঘাস তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট দুটি গামছার মধ্যে কসটেপ দিয়ে মোড়ানো ছিল।
প্যাকেট খুলে ২০ হাজার ১৬০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নিতে কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।