নেত্রকোনার মদন উপজেলায় ৪০০ পিস ইয়াবাসহ মো. সাবিরুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে একটি নম্বরবিহীন জারা ১০০ সিসি মোটরসাইকেল ও দুটি চাবি জব্দ করা হয়।
মামলার বিষয়টি বুধবার (৫ আগস্ট) সকালে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দীন করিম নিশ্চিত করেছেন।
আটক সাবিরুল ইসলাম মদন সদর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। বুধবার সকালে তাকে নেত্রকোনা আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণপাড়া গ্রামের সাদ্দাম মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত, এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে সাদ্দাম পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে সাবিরুল ইসলামকে ৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় একটি নম্বরবিহীন মোটরসাইকেল ও দুটি চাবি জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা।
এ ঘটনায় মঙ্গলবার রাতে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক নাজমুল হুদা বাদী হয়ে মদন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সাবিরুল ইসলামকে আটক করা হয়েছে। তবে অভিযানের মূল লক্ষ্য সাদ্দাম মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়। মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি জানান।