নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় বক্তব্যকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা বক্তব্য দেন। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও পুলিশ সূত্র জানায়, বক্তব্যের সময় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতারা একে অপরকে উদ্দেশ্য করে উস্কানিমূলক মন্তব্য করলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ কলেজ রোড থেকে চাষাঢ়া এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের কিছু নেতাকর্মীর হাতে লাঠিসোঁটা, বাঁশ ও লোহার পাইপ দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফতুল্লা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান বলেন, সংঘর্ষে চার থেকে পাঁচজন আহত হয়েছেন। তবে কেউ গুরুতর আহত নন। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ উভয় পক্ষকে মুখোমুখি অবস্থান থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।