দেশের পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে সরকার কাজ করে যাচ্ছে এবং জনগণের গ্যাস, বিদ্যুৎ, পানিসহ মৌলিক চাহিদা পূরণে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, রাজধানীর সবুজায়ন, জলাবদ্ধতা নিরসন, মশা নিয়ন্ত্রণ, অবৈধ খাল উদ্ধার ও নাগরিক সেবা উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর ঢাকা-১৫ নম্বর ওয়ার্ডের পূর্ব মানিকদি ও উত্তর মানিকদি এলাকায় রাস্তার উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রশাসক বলেন, দেশের জনগণ ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। জনগণের প্রতি প্রধানমন্ত্রীর দায়বদ্ধতা রয়েছে, আর সরকারি কর্মকর্তা ও কর্মীদেরও জনগণের দোরগোড়ায় সঠিক সেবা পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়েছে। তিনি প্রধানমন্ত্রীর মানবিক নেতৃত্বের প্রশংসা করে বলেন, জনগণের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি জানান, রাজধানীকে সবুজায়ন, জলাবদ্ধতা নিরসন, মশা নিয়ন্ত্রণ এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ডিএনসিসি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। একই সঙ্গে নগরবাসীকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ করতে হবে, কারণ পরিষ্কার পানিতেই এডিস মশার লার্ভা জন্মায়।
মো. শফিকুল ইসলাম খান বলেন, ঢাকার জনসংখ্যা ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি বেড়ে যাওয়ায় গ্যাস, বিদ্যুৎ ও পানির চাহিদা বৃদ্ধি পেয়েছে। এসব সমস্যা সমাধানে সরকার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে এবং জনগণের সহযোগিতায় তা সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি অভিযোগ করেন, অতীতে এলপিজি ব্যবসার সুযোগ দেওয়ায় প্রাকৃতিক গ্যাসের সংকট সৃষ্টি হয়েছে এবং বিগত সরকারের সময় জনগণের করের অর্থ পাচার হয়েছে। বর্তমান সরকার প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে জনগণের কাছে তা পৌঁছে দিতে কাজ করছে বলেও তিনি দাবি করেন।
প্রশাসক আরও বলেন, ডিএনসিসির আওতাধীন সব অবৈধ খাল দখলমুক্ত করা হবে। খাল খননের পাশাপাশি দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের জন্য প্রকল্প প্রস্তুত করা হচ্ছে। এ কাজে নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি নাগরিকদের নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধ, উন্নয়নকাজ সংরক্ষণ এবং ঠিকাদারদের নির্ধারিত সময়ে ও নিয়ম মেনে কাজ সম্পন্ন করার আহ্বান জানান।
ডিএনসিসির জোন-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকারনাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।