রাজধানীর উত্তরখানের এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) এলাকায় দায়িত্বরত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর।
রবিবার (২ আগস্ট) সকালে স্থানীয় দুর্বৃত্তদের হামলায় কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী আহত হন। ঘটনাস্থল পরিদর্শনের সময় প্রশাসক সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন।
তিনি বলেন, দায়িত্ব পালনরত পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে গিয়ে আহত পরিচ্ছন্নতাকর্মীদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।