ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা নিয়ে রাজধানীর ১৫ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। তিনি বলেন, জনগণের কল্যাণে নিজের সামর্থ্য ও দায়িত্বের সর্বোচ্চ ব্যবহার করে কাজ করবেন এবং ওয়ার্ডের সব সমস্যার সমাধানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর ১৫ নম্বর ওয়ার্ডের বারনটেক, নামাপাড়া, বাইগারটেক ও সিদ্দিকনগর এলাকায় তিনটি সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর মানবিক ও উদার মানসিকতার প্রতিফলন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া তাঁর দায়িত্ব। তবে এই উদারতার সুযোগ নিয়ে কেউ অন্যায় করলে তা কোনোভাবেই সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
উত্তরখানে সম্প্রতি পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার প্রসঙ্গ তুলে মো. শফিকুল ইসলাম খান বলেন, প্রশাসক হিসেবে তিনি ক্ষতিগ্রস্ত কর্মীদের পাশে দাঁড়িয়েছেন এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নিয়েছে। তিনি জানান, ভবিষ্যতেও দলমত নির্বিশেষে সব নাগরিকের পাশে থেকে নৈতিক দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, ১৫ নম্বর ওয়ার্ডে আরও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে সেগুলো সম্পন্ন করা হবে।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে প্রশাসক বলেন, ভবিষ্যতে নির্বাচনে অংশ নিলে দলীয় সমর্থকদের বাইরে যে কোনো নাগরিক তাঁকে ভোট দিতে পারেন। জয়-পরাজয় যাই হোক, এলাকার উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
কোরবানির ঈদে বর্জ্য ব্যবস্থাপনার সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং দ্রুত অপসারণের কারণে এবার নগরীতে দুর্গন্ধের সৃষ্টি হয়নি, ফলে নগরবাসী স্বস্তিতে ঈদ উদযাপন করতে পেরেছেন।
তিনি বলেন, ১৫ নম্বর ওয়ার্ড প্রধানমন্ত্রীর সংসদীয় এলাকা এবং এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বসবাস করেন। তাই এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ডিএনসিসির জোন-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকারনাইন সভাপতিত্ব করেন। এ সময় প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।