
রোববার সকাল সাড়ে ৯টার দিকে আল-আমিন রোডের একটি বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফারজানা আক্তার রাত্রী (২০) ও তার মা ফিরোজা বেগম (৪০)।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর অভিযুক্ত হৃদয় ওরফে শিপন থানায় এসে আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার স্বামী-স্ত্রী মোহাম্মদপুরে একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর রাতে কাঁঠালবাগানের আল-আমিন রোডে ফারজানার বাবার বাসায় ওঠেন। রোববার সকাল ৯টার দিকে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে তীব্র ঝগড়ায় রূপ নেয়।
একপর্যায়ে ফারজানার মা ফিরোজা বেগম মেয়ের পক্ষ নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে অভিযুক্ত হৃদয় আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, সকাল সাড়ে ৯টার দিকে ঘরে থাকা একটি তরকারি কাটার ছুরি দিয়ে প্রথমে স্ত্রী ফারজানাকে এলোপাতাড়ি আঘাত করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে বাধা দিতে গেলে শাশুড়ি ফিরোজা বেগমকেও ছুরিকাঘাত করেন তিনি।
গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ফারজানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। অভিযুক্ত হৃদয়কে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হবে।