ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। ডিএনসিসির দাবি, উত্তরখানের রাজাবাড়ি এলাকার একটি এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) পরিদর্শনকালে একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা এ হামলা চালায়। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
শনিবার (২ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে উত্তরখানের রাজাবাড়ি এলাকার এসটিএসে কর্মরত পরিচ্ছন্ন কর্মীদের ওপর নেপচুন এক্সেসরিজ গার্মেন্টসের মালিকপক্ষের লোকজন হামলা চালায়। এতে চারজন গুরুতরসহ ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্ন কর্মী আহত হন। গুরুতর আহত চারজনকে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
পরে দুপুরে হামলার ঘটনা পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন, সংশ্লিষ্ট থানার ওসি এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে গার্মেন্টস মালিকপক্ষের পুনরায় বাকবিতণ্ডা হলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে প্রশাসক ও এমপির উপস্থিতিতেই ভাড়াটে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় বলে দাবি করা হয়েছে।
হামলায় কয়েকজন আহত হন। ঘটনাস্থল থেকে গার্মেন্টস মালিকপক্ষের একজনসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পুলিশ অভিযান পরিচালনা করে।
পরে প্রশাসক ও সংসদ সদস্য কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি আহত পরিচ্ছন্ন কর্মীদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় প্রশাসক বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।