মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় আরও এক বাংলাদেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে এক বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ।
স্থানীয় সময় সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানী কুয়ালালামপুরের অদূরে নেগরি সেমবিলান রাজ্যের তামান লিঙ্গির এলাকার একটি বাড়ি ও পার্শ্ববর্তী স্থান থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস নেগরি সেমবিলান পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
নেগরি সেমবিলান পুলিশের প্রধান দাতুক আলজাফনি আহমদ জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে কয়েকজন বাংলাদেশির মধ্যে মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে প্রায় ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করা হয়। পরে তদন্তের ভিত্তিতে সুয়া মাঙ্গিস এস্টেট এলাকা থেকে দুটি এবং পরে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি বলেন, আহত আরেক বাংলাদেশিকে রেম্বাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ঘটনায় জড়িত সবাই একই প্রতিষ্ঠানের কর্মী ছিলেন এবং একই বাসায় থাকতেন। ধারণা করা হচ্ছে, সংঘর্ষটি একাধিক স্থানে ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি। তাকে রিমান্ডের আবেদন জানাতে মঙ্গলবার পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।