ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি প্রীতি হাডুডু (কাবাডি) খেলাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে খেলা পরিচালনা কমিটির সদস্য উসমানসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঘটনাটি ঘটে শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চাপরতলা ইউনিয়নের সালাম বাজার মাঠে খেলা শেষে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাসিরনগরের ধরমন্ডল এবং মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের দুটি দলের মধ্যে প্রীতি হাডুডু খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ধরমন্ডল দল ৩-০ পয়েন্টে জয়লাভ করে। খেলা শেষে পরাজিত দলের কয়েকজন খেলোয়াড় বিজয়ী দলের দুই খেলোয়াড়কে ঘিরে ধরলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং দুই দলের সমর্থকরাও এতে জড়িয়ে পড়েন। মাঠজুড়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে।
সংঘর্ষে খেলা পরিচালনা কমিটির সদস্য উসমানসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ৪ থেকে ৫ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে এবং তাদের বেশিরভাগের মাথায় আঘাত রয়েছে। ঘটনার পর উভয় দলের খেলোয়াড়রা এলাকা ছেড়ে চলে যান।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে এবং ঘটনার তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।