দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়ে প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ডারউইনে প্রথম দিনের অনুশীলন শেষে তিনি জানিয়েছেন, দলের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে এবং সব ধরনের অনুশীলন সফলভাবে সম্পন্ন হয়েছে।
বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় তাইজুল বলেন, অস্ট্রেলিয়ায় যাত্রা নির্বিঘ্ন ছিল এবং ট্রানজিটে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পাওয়ায় খেলোয়াড়রা সতেজ অবস্থায় অনুশীলন শুরু করতে পেরেছেন।
তিনি বলেন, সব মিলিয়ে ভালো প্রস্তুতি হয়েছে। উইকেটে অনুশীলন, ফিল্ডিং, রানিং—সব ধরনের কার্যক্রম করতে পেরেছি। প্রথম দিনের সেশনটি খুবই ভালো গেছে।
বাংলাদেশ দল আগামী ১৩ আগস্ট ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে। এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, যা মূল সিরিজের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।