একসময় বিশ্বের অন্যতম ব্যয়বহুল ডিফেন্ডার ছিলেন ফ্রান্সের বেঞ্জামিন মেন্ডি। ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য হিসেবে যে ট্রফির অফিসিয়াল রেপ্লিকা পেয়েছিলেন, আর্থিক সংকটের কারণে এবার সেটিই নিলামে বিক্রি করতে বাধ্য হয়েছেন তিনি।
আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম গোল ডটকম জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক স্মারক নিলাম প্রতিষ্ঠান গোল্ডিনের ‘গ্লোবাল ফুটবল অকশন পার্ট-২’-এ মেন্ডির ব্যক্তিগত সংগ্রহে থাকা বিশ্বকাপ ট্রফির রেপ্লিকাটি ৬২ হাজার ২০০ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৭৬ লাখ টাকা।
এটি ফিফার আসল বিশ্বকাপ ট্রফি নয়। নিয়ম অনুযায়ী বিশ্বকাপজয়ী প্রতিটি খেলোয়াড়কে ব্যক্তিগত স্মারক হিসেবে একটি অফিসিয়াল রেপ্লিকা দেওয়া হয়। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপজয়ী এই স্মারকটির সত্যতা নিশ্চিত করতে মেন্ডি নিজের স্বাক্ষরযুক্ত সনদও নিলাম কর্তৃপক্ষের কাছে জমা দেন।
২০২১ সালে যুক্তরাজ্যে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘ আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েন মেন্ডি। প্রায় দুই বছর পর আদালতে সব অভিযোগ থেকে খালাস পেলেও বিপুল আইনি ব্যয় তার আর্থিক অবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। সেই সংকট সামাল দিতে আগেই নিজের বিলাসবহুল বাড়ি, গাড়ি ও দামি ঘড়িসহ বিভিন্ন সম্পদ বিক্রি করেছিলেন তিনি।
ম্যানচেস্টার সিটিতে খেলার সময় সপ্তাহে প্রায় পাঁচ লাখ পাউন্ড আয় করা মেন্ডি বর্তমানে পোল্যান্ডের ক্লাব পোগন শেচিনে খেলছেন, যেখানে তার সাপ্তাহিক বেতন প্রায় ১০ হাজার পাউন্ড।
২৯ বছর বয়সী এই ডিফেন্ডার এখন মাঠে নিজের ক্যারিয়ার নতুন করে গড়ে তোলার চেষ্টা করছেন। তবে আর্থিক চাপের কারণে বিশ্বকাপ জয়ের স্মারক বিক্রির বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তিনি।