ভারতের মাটিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে (যুবভারতী ক্রীড়াঙ্গন) স্বাগতিক ভারতের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে সেলেসাওরা। বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
সিবিএফ জানায়, অস্ট্রেলিয়ায় প্রীতি ম্যাচ শেষে তাদের পরবর্তী গন্তব্য হবে ভারত। সংস্থাটি একে ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে একটি নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করে জানিয়েছে, প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে নামবে ব্রাজিল।
বিবৃতিতে ভারতীয় সমর্থকদেরও বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়। সিবিএফের ভাষ্য, ব্রাজিলের বাইরে ভারতের মতো বড় সমর্থকগোষ্ঠী খুব কমই রয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতীয় ফুটবলপ্রেমীরা ব্রাজিলকে যে ভালোবাসা দিয়ে এসেছে, সেই আবেগের অংশ হতে মুখিয়ে আছে দলটি।
জানা গেছে, ২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালীন ভারতীয় সমর্থকদের উন্মাদনা দেখেই ভারতে ম্যাচ আয়োজনের আলোচনা শুরু হয়। দেশজুড়ে বড় পর্দায় খেলা দেখা, দেয়ালচিত্র এবং সামাজিক মাধ্যমে ব্রাজিল সমর্থকদের উদযাপন সিবিএফকে এই সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছে।
তবে এই ম্যাচে ব্রাজিলের প্রধান তারকারা খেলবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, কোচকার্লো আনচেলত্তি ২০২৮ কোপা আমেরিকাকে সামনে রেখে তরুণ ও নতুন খেলোয়াড়দের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ হিসেবে এই প্রীতি ম্যাচকে ব্যবহার করতে পারেন।