দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিতই দেখা যাচ্ছে বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে। এবার এশিয়ার সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) টুর্নামেন্ট কর্তৃপক্ষ তাদের আনুষ্ঠানিক ফেসবুক পেজে বাংলাদেশ টাইগার্সের ১৬ সদস্যের দল ঘোষণা করে। দলে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক জাতীয় ক্রিকেটার অলক কাপালিকে।
এবারের আসরে অংশ নিচ্ছে মোট ছয়টি দল। দলগুলো হলো—বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স এবং রেস্ট অব এশিয়ান স্টার্স।
৩০ জুলাই জার্সি উন্মোচনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কান লায়ন্স ও আফগানিস্তান পাঠানস।
বাংলাদেশ টাইগার্স তাদের প্রথম ম্যাচ খেলবে ৩১ জুলাই। ডাবল-হেডারের দ্বিতীয় ম্যাচে সাকিবের দল মুখোমুখি হবে ইন্ডিয়ান রয়্যালসের। এর আগে দিনের প্রথম ম্যাচে খেলবে পাকিস্তান প্যান্থার্স ও রেস্ট অব এশিয়ান স্টার্স।
মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবারের আসরে। ৮ আগস্ট কোয়ালিফায়ার-১, ৯ আগস্ট কোয়ালিফায়ার-২ এবং ১০ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল।
টুর্নামেন্টটির সম্প্রচার স্বত্ব রয়েছে সনি স্পোর্টস নেটওয়ার্কের কাছে। ফলে এশিয়ার সাবেক তারকা ক্রিকেটারদের এই প্রতিযোগিতা সরাসরি উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।