অবশেষে সব গুঞ্জনকে সত্যি করে ফ্রান্সের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন জিনেদিন জিদান। দিদিয়ে দেশম দায়িত্ব ছাড়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হলো। আনুষ্ঠানিক এক বিবৃতিতে নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। এতে করে ফরাসিদের ডাগআউটে শুরু হচ্ছে নতুন এক রোমাঞ্চকর অধ্যায়।
ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন এফএফএফ সভাপতি ফিলিপ দিয়ালো। দীর্ঘদিন ধরেই ফরাসিদের কোচের হটসিটে বসার আলোচনায় সবার ওপরে ছিলেন জিনেদিন জিদান। নিজেও এই স্বপ্নের পদে বসার জন্য মুখিয়ে ছিলেন বছরের পর বছর।
২০২১ সালে রিয়াল মাদ্রিদের ডাগআউট ছাড়ার পর থেকে আর কোনো ক্লাবের দায়িত্ব নেননি ৫৪ বছর বয়সী এই মাস্টারমাইন্ড। রিয়াল মাদ্রিদকে কোচ হিসেবে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ (২০১৬, ২০১৭ ও ২০১৮) জেতানোর অবিশ্বাস্য কীর্তি রয়েছে তার ঝুলিতে, যা আধুনিক ফুটবল ইতিহাসে আর কারো নেই।
২০১২ সাল থেকে টানা এক যুগেরও বেশি সময় ফ্রান্সকে কোচিং করানো দেশম ২০২৬ বিশ্বকাপের পর ডাগআউটকে বিদায় জানান। সদ্য সমাপ্ত টুর্নামেন্টের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেয় ফ্রান্স।
দেশমের অধীনে ২০১৮ সালে বিশ্বজয়ের স্বাদ পায় ফরাসিরা, আর ২০২২ সালে ফাইনালে গিয়ে টাইব্রেকারে হারতে হয় তাদের। এছাড়া ২০১৬ সালে ঘরের মাঠে ইউরো কাপের ফাইনালেও দল হেরেছিল তার অধীনেই।
জিদানের হাতে দায়িত্ব ওঠার মাধ্যমে আরও এক সাবেক ফরাসি সতীর্থের পথ অনুসরণ করলেন তিনি। এর আগে জিদানের ১৯৯৮ বিশ্বকাপজয়ী সতীর্থ লরেন ব্লাঙ্ক (২০১০-২০১২) ও দিদিয়ে দেশম ফ্রান্সের কোচের দায়িত্ব সামলেছেন। খেলোয়াড় হিসেবে জিদানের অবদান ফরাসি ফুটবলের স্বর্ণাক্ষরে লেখা।
১৯৯৮ সালের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে জিজুর জোড়া গোল আজও স্মরণীয়। দু’বছর পর ২০০০ সালে ফ্রান্সকে ইউরো চ্যাম্পিয়ন করতেও তিনি রেখেছিলেন মূল ভূমিকা। সেই বছরই জিতেছিলেন ব্যালন ডি’অর।
দেশের হয়ে ১০৮ ম্যাচে ৩১ গোল করা এই প্লেমেকারের ২০০৬ বিশ্বকাপ ফাইনালের সেই বিখ্যাত প্যানেনকা শট এবং অতিরিক্ত সময়ে মার্কো মাতেরাজ্জিকে ঢুঁস মেরে লাল কার্ড দেখার ঘটনা ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি।
জিদান যুগে ফ্রান্সের প্রথম পরীক্ষা শুরু হতে যাচ্ছে চলতি বছরের সেপ্টেম্বরে। নেশন্স লিগে আগামী ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে তাদের মাঠে আতিথ্য নেবে ফ্রান্স। তিন দিন পর তাদের লড়াই বেলজিয়ামের বিপক্ষে। এরপর আগামী ২ অক্টোবর ঘরের মাঠ স্টাদে দে ফ্রান্সে ইতালিকে আতিথ্য দেবে জিদানের শিষ্যরা।