বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান আবারও আলোচনায়। তবে এবার নতুন কোনো কাজ নয়, ব্যক্তিগত জীবন নিয়েই তাকে ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। লন্ডনে এক রহস্যময় তরুণীর সঙ্গে দেখা যাওয়ার পর সামাজিকমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ছবি ও ভিডিওতে দেখা যায়, লন্ডনের একটি অভিজাত ক্যাসিনো থেকে একসঙ্গে বের হচ্ছেন আরিয়ান খান ও এক তরুণী। নেটিজেনদের দাবি, ওই তরুণীর নাম ভিনি তাকাইর, যিনি পেশায় একজন শিল্পী।
ভাইরাল হওয়া দৃশ্যে আরিয়ানকে ক্যাজুয়াল পোশাকে এবং ভিনিকে সম্পূর্ণ কালো পোশাকে দেখা যায়। দুজনকে একসঙ্গে দেখে অনেকেই তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ বলছেন তারা ঘনিষ্ঠ বন্ধু, আবার কেউ প্রেমের সম্পর্কের ইঙ্গিত খুঁজছেন।
এদিকে ভিনি তাকাইর সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে লন্ডন ভ্রমণের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, "London, I love you." যদিও সেখানে আরিয়ান খানের কোনো উল্লেখ ছিল না, তবুও সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের একাংশ তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু করেন।
আরও জানা গেছে, আরিয়ান খান ও ভিনি তাকাইর ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ (ফলো) করেন। এই তথ্য সামনে আসার পর প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়েছে।
তবে এখন পর্যন্ত আরিয়ান খান বা ভিনি তাকাইর—কেউই এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। ফলে তাদের সম্পর্কের বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। আপাতত ভাইরাল ছবি, ভিডিও এবং সামাজিকমাধ্যমের আলোচনাই এই গুঞ্জনের প্রধান ভিত্তি।