দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও স্প্যানিশ-আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ। আগামী ৮ আগস্ট পর্তুগালের মাদেইরা দ্বীপে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিয়ের মূল অনুষ্ঠান হবে মাদেইরার রাজধানী ফুনচালের ঐতিহাসিক ক্যাথেড্রালে। পরে অতিথিদের জন্য সংবর্ধনার আয়োজন করা হবে শহরের বিলাসবহুল পাঁচতারকা স্যাভয় প্যালেস হোটেলে। স্থানীয় সূত্রের বরাতে বলা হয়েছে, অনুষ্ঠান উপলক্ষে হোটেলের দুটি তলা ও কয়েকটি বার সাময়িকভাবে বন্ধ রাখা হবে, যাতে অতিথিদের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করা যায়।
ফুনচাল শহরটি রোনালদোর জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। এখানেই তার জন্ম ও শৈশব কেটেছে। শহরে তার সম্মানে নির্মিত হয়েছে একটি ব্রোঞ্জের ভাস্কর্য, পাশাপাশি রয়েছে তার নামে একটি হোটেলও।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রোনালদোর বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ১২০ থেকে ১৪০ কোটি মার্কিন ডলারের মধ্যে। এত বিপুল সম্পদের মালিক হওয়া সত্ত্বেও জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত উদযাপনের জন্য নিজের জন্মভূমিকেই বেছে নেওয়ায় বিষয়টিকে আবেগঘন সিদ্ধান্ত হিসেবে দেখছেন অনেকে।
উল্লেখ্য, শৈশবে আর্থিক সংকটের মধ্যেই বেড়ে ওঠা রোনালদো মাত্র ১১ বছর বয়সে পরিবার ছেড়ে লিসবনে স্পোর্টিং ক্লাবের একাডেমিতে যোগ দেন। সেই পথচলা থেকেই বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকায় পরিণত হয়েছেন তিনি।