চলতি শিক্ষাবর্ষেও এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। আগের মতো কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে এবং পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও শিক্ষার্থীদের পছন্দক্রমের ভিত্তিতে কলেজে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে। এ বিষয়ে নীতিমালার খসড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
সোমবার (৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি জানান, গতবারের মতো এবারও একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়ায় বড় কোনো পরিবর্তন রাখা হয়নি। ফল বা নম্বরের ভিত্তিতেই শিক্ষার্থী নির্বাচন করা হবে।
আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পরপরই একাদশ শ্রেণিতে ভর্তির বিস্তারিত সময়সূচি ও আবেদন প্রক্রিয়া ঘোষণা করা হবে।
এবার সারা দেশের কলেজ ও মাদ্রাসাগুলোতে একাদশ শ্রেণিতে আসন রয়েছে ২৬ লাখের বেশি। বিপরীতে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী। ফলে আগের বছরের মতো এবারও উল্লেখযোগ্যসংখ্যক আসন খালি থাকার সম্ভাবনা রয়েছে।
তবে নটর ডেম কলেজ, হলিক্রস কলেজসহ চার্চ পরিচালিত কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে আদালতের নির্দেশনা অনুযায়ী পৃথক ভর্তি পরীক্ষা নেওয়ার সুযোগ বহাল থাকবে।