চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। রোববার (২ আগস্ট) বিকেলে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে চুয়েটের উন্নয়ন, উচ্চশিক্ষা ও গবেষণার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী চুয়েটের সার্বিক অগ্রগতি ও উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন কর্মকৌশল নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।
সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিতব্য চুয়েট বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রীকে আমন্ত্রণ জানান। মন্ত্রী সানন্দে সেই আমন্ত্রণ গ্রহণ করেন।