ভেটেরিনারি পেশার স্বকীয়তা ও পেশাগত অধিকার রক্ষাসহ তিন দফা দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন করেছেন ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বিভিএসডব্লিউএ) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির নেতাকর্মী ছাড়াও ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা প্রতিটি উপজেলায় চারজন করে ভেটেরিনারি সার্জন নিয়োগ, পাবলিক হেলথ সংশ্লিষ্ট পদে নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের অগ্রাধিকার এবং ভেটেরিনারি পেশায় দায়িত্বের সুনির্দিষ্ট সীমারেখা নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধন থেকে আন্দোলনকারীরা যে তিন দফা দাবি তুলে ধরেন, সেগুলো হলো—
প্রথমত, প্রতিটি উপজেলায় চারজন করে ভেটেরিনারি সার্জন নিয়োগ দ্রুত বাস্তবায়ন করতে হবে। এসব পদে শুধুমাত্র নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের নিয়োগ নিশ্চিত করার দাবি জানানো হয়।
দ্বিতীয়ত, ‘সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার’ পদে নিয়োগের আগে উপজেলা ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার পদ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এসব পদে সরাসরি নন-ভেটেরিনারিয়ান বা ডিপ্লোমাধারীদের নিয়োগ না দেওয়ার দাবি জানানো হয়।
তৃতীয়ত, ভেটেরিনারি খাতে পেশাগত দায়িত্বের স্পষ্ট সীমারেখা বজায় রাখতে হবে। নন-ভেটেরিনারিয়ানদের পদোন্নতির মাধ্যমে নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের সমকক্ষ বা তাদের ওপরের পদে যাওয়ার সুযোগ বন্ধের দাবি জানান শিক্ষার্থীরা।
বিভিএসডব্লিউএ’র সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন সিয়াম বলেন, সম্প্রতি সৃষ্ট ‘সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার’ পদে নিয়োগপ্রাপ্তরা কার অধীনে কাজ করবেন, সেটি আগে স্পষ্ট করা প্রয়োজন।
তিনি বলেন, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের আইন অনুযায়ী ভেটেরিনারি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের। প্যারাভেটরা তাদের অধীনে নির্দিষ্ট সহায়ক কাজ করেন। ফলে ইন্টারমিডিয়েট বা সমমানের ডিপ্লোমাধারীদের দিয়ে এ ধরনের পদে দায়িত্ব দেওয়া হলে তা ভেটেরিনারি পেশা, জনস্বাস্থ্য ও প্রাণিকল্যাণের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।
ভেটেরিনারি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী লাবণ্য বলেন, ভেটেরিনারিয়ানদের পরিবর্তে সহকারী হেলথ অফিসার পদে ডিপ্লোমাধারীদের নিয়োগ দেওয়া হলে পেশাগত সামঞ্জস্যতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ডিপ্লোমাধারীদের কাজ সুনির্দিষ্ট করে নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের অধীনে কাজের সুযোগ নিশ্চিত করার দাবি জানান তিনি।
বিভিএসডব্লিউএ’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাঈফ আরমান বলেন, প্রাণীস্বাস্থ্য সুরক্ষায় নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রতিটি উপজেলায় চারজন এবং প্রতিটি ইউনিয়নে ভেটেরিনারিয়ান নিয়োগের জন্য দ্রুত পদ সৃজন ও পদায়ন নিশ্চিত করা প্রয়োজন।
মানববন্ধনে বিভিএসডব্লিউএ’র সদস্য এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।