প্যাকেটজাত খাবারে সতর্কতা লেবেল চান ৮ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

প্যাকেটজাত খাবারে অতিরিক্ত চিনি, লবণ ও ক্ষতিকর চর্বির পরিমাণ সম্পর্কে ভোক্তাদের সহজবোধ্য তথ্য দিতে ফ্রন্ট অব প্যাক লেবেলিং (এফওপিএল) প্রবিধান

2026-09-19T20:03:17+00:00
2026-09-19T20:03:17+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
প্যাকেটজাত খাবারে সতর্কতা লেবেল চান ৮ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৩ পিএম 
সংগৃহীত ছবি
প্যাকেটজাত খাবারে অতিরিক্ত চিনি, লবণ ও ক্ষতিকর চর্বির পরিমাণ সম্পর্কে ভোক্তাদের সহজবোধ্য তথ্য দিতে ফ্রন্ট অব প্যাক লেবেলিং (এফওপিএল) প্রবিধান দ্রুত প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন দেশের আট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে ভোক্তার জানার অধিকার নিশ্চিত ও অসংক্রামক রোগ প্রতিরোধে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অডিটোরিয়ামে ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টর এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির যৌথ আয়োজনে ‘ইয়ুথ ভয়েস ফর ফ্রন্ট অব প্যাক লেবেলিং ডিবেট ফেস্টিভ্যাল ২০২৬’ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতায় আট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো—জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ঢাকা কলেজ।

বিতর্কে শিক্ষার্থীরা প্যাকেটজাত খাবারে অতিরিক্ত চিনি, লবণ ও চর্বির স্বাস্থ্যঝুঁকি, ভোক্তার তথ্য জানার অধিকার, স্বাস্থ্যকর খাদ্য নির্বাচন, অসংক্রামক রোগ প্রতিরোধ এবং খাদ্যনীতিতে তরুণদের ভূমিকা নিয়ে যুক্তি ও তথ্য তুলে ধরেন।

বক্তারা বলেন, এফওপিএল নিয়ে নীতিগত উদ্যোগ ও প্রক্রিয়া এগিয়ে গেলেও এখন দ্রুত কার্যকর প্রবিধান প্রণয়ন ও বাস্তবায়ন প্রয়োজন। কার্যকর এফওপিএল ব্যবস্থা ভোক্তাকে খাবারের পুষ্টিগত তথ্য বুঝতে সহায়তা করার পাশাপাশি খাদ্য উৎপাদকদের স্বাস্থ্যকর পণ্য উৎপাদনে উৎসাহিত করতে পারে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আল মোজাদ্দেদী আলফেসানী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি বৃহত্তর সমাজে তথ্যভিত্তিক জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিতর্কের মতো আয়োজন তরুণদের যুক্তিনির্ভর চিন্তা ও সামাজিক বিষয়ে দায়িত্বশীল অংশগ্রহণের সুযোগ তৈরি করে।

বিশেষ অতিথি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক কাজী ইমদাদুল হক বলেন, খাদ্যের মান ও নিরাপত্তার পাশাপাশি ভোক্তার কাছে যথাযথ তথ্য পৌঁছে দেওয়াও গুরুত্বপূর্ণ। অতিরিক্ত লবণ, চিনি ও চর্বিযুক্ত খাবারের তথ্য উপস্থাপনে ভোক্তাদের জানার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

অনুষ্ঠানে বক্তারা তরুণদের জনস্বাস্থ্য, অসংক্রামক রোগ প্রতিরোধ এবং এফওপিএল দ্রুত প্রণয়নের পক্ষে জনমত ও জনচাহিদা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (আইন ও নীতি) মো. আনোয়ারুল ইসলাম সরকার, সদস্য (খাদ্য শিল্প ও উৎপাদন) অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মদ রুহুল কুদ্দুস এবং ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: