বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার প্রথম আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শাহরিয়ার সোহাগকে আহ্বায়ক এবং মিজানুর রহমান মিনারকে সদস্য সচিব করে ১১ সদস্যের এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সংগঠনটির বেরোবি শাখার দপ্তরবিষয়ক দায়িত্বপ্রাপ্ত সদস্য ফারহাতুল হাসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন—অর্ঘ্য দীপ মজুমদার (অর্থবিষয়ক দায়িত্বপ্রাপ্ত), মো. শাহরিয়ার ইসলাম রাতুল (প্রচার ও প্রকাশনা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত) এবং জীবন কুমার রায় (পাঠচক্র বিষয়ক দায়িত্বপ্রাপ্ত)। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শ্রীবাশ কুমার পাল, রিফাত শেখ ও কুনাল রায়। এছাড়া কমিটির দুটি নির্বাহী সদস্যপদ বর্তমানে শূন্য রয়েছে, যা পরবর্তীতে পূরণ করা হবে।
নবগঠিত কমিটির আহ্বায়ক শাহরিয়ার সোহাগ বলেন, প্রতিষ্ঠার পর থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সুস্থ ধারার বহুদলীয় ছাত্র রাজনীতির বিকাশ ঘটেনি। একই সঙ্গে ক্যাম্পাসটি বিভিন্ন গুণগত ও অবকাঠামোগত সমস্যায় জর্জরিত। এসব সমস্যা মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক, সাংস্কৃতিক ও গুণগত রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশ ছাত্র ফেডারেশন কাজ করতে চায়।
সদস্য সচিব মিজানুর রহমান মিনার বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, অধিকার ও ন্যায্য দাবির বিষয়ে কাজ করাকে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখছেন। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা ও অংশগ্রহণের ভিত্তিতে একটি গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করবেন বলেও জানান তিনি।
কমিটি গঠন ও অনুমোদনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈকত আরিফ ও সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনা। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই বেরোবি শাখার নতুন এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।