বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে একদিনের কর্মসূচির পরিবর্তে নিয়মিত ও সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ব পরিচ্ছন্নতা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক আলোচনা, র্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন ‘গ্রিন বিএইউ–ক্লিন বিএইউ’-এর উদ্যোগে সকালে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আমতলায় এসব কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।
উপাচার্য বলেন, ‘ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে শুধু একদিনের কর্মসূচি যথেষ্ট নয়, নিয়মিত ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রত্যেকে নিজের জায়গাটুকু পরিষ্কার রাখলে পুরো ক্যাম্পাসই পরিচ্ছন্ন হয়ে উঠবে।’
তিনি আরও বলেন, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিচ্ছন্ন রাখার বিষয়ে আরও গুরুত্ব দিতে হবে। শুধু কর্মচারীদের ওপর নির্ভর না করে শিক্ষার্থীদের নিজেদের কক্ষ, হল, বাগান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে ‘গ্রিন বিএইউ–ক্লিন বিএইউ’-এর সভাপতি অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম বলেন, ‘আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব’—এই চেতনা থেকেই পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। আজকের কর্মসূচির উদ্দেশ্য শুধু পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা নয়, বরং সবার মধ্যে নিয়মিত পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা।
তিনি বলেন, ‘গ্রিন বিএইউ–ক্লিন বিএইউ’ একটি স্বেচ্ছাসেবী উদ্যোগ। পরিচ্ছন্ন ও সুন্দর ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
আলোচনা শেষে ‘আমার ক্যাম্পাস–আমার দায়িত্ব’ প্রতিপাদ্য সামনে রেখে একটি র্যালি বের করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন অংশগ্রহণকারীরা।
কর্মসূচিতে ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান, সোনালি দলের সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমানসহ বিভিন্ন হলের প্রভোস্ট ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।