একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবারও দ্বিতীয় ধাপে অনলাইন আবেদন নেওয়া হবে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে এ আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।
সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় ধাপে আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের ওই দিন ফল প্রকাশের পর থেকে ৩ অক্টোবর রাত ৮টার মধ্যে নির্বাচন নিশ্চয়ন করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন না করলে তার নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
এরপর পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।
দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে যারা
১. যারা আগে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেনি অথবা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি।
২. যারা চূড়ান্তভাবে কোনো কলেজে মনোনীত হয়েছিল, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিশ্চয়ন করতে পারেনি কিংবা কলেজে ভর্তি হতে পারেনি।
৩. যারা চূড়ান্ত মনোনয়ন পেয়েছিল, কিন্তু ভুল কোটা নির্ধারণের কারণে কলেজে ভর্তি হতে পারেনি।
তাই একাদশে ভর্তির প্রথম ধাপে আবেদন করতে না পারা, কলেজে নির্বাচিত না হওয়া কিংবা মনোনয়ন পেয়েও ভর্তি সম্পন্ন করতে না পারা শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় ধাপটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে এসেছে।