বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের উদ্যোগে স্কিলড বেইজড ‘ডে ক্যাম্প ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ জুলাই দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫৩টি রোভার ইউনিটের প্রায় ১ হাজার ৩০০ রোভার স্কাউট এবং প্রায় ২০০ জন শিক্ষক, প্রশিক্ষক ও স্কাউট ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. মাসুদ, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর মো. নজরুল ইসলাম এবং ঢাকা জেলা রোভারের কমিশনার ও ক্যাম্প চিফ মু. ওমর আলী। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অধ্যাপক ড. এ. কে. এম. মাসুদ।
দিনব্যাপী ক্যাম্পে রোভাররা রোভারিং, প্রাথমিক চিকিৎসা, জীবনরক্ষা কৌশল, গিঁট ও ল্যাশিং, ক্যাম্প স্থাপন, যোগাযোগ দক্ষতা, সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার, ব্যক্তিত্ব উন্নয়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ব্যবহারিক প্রশিক্ষণে অংশ নেন। এছাড়া ইয়ুথ পার্লামেন্ট ও সোশ্যাল মিডিয়া মাস্টারি বিষয়ক বিশেষ সেশন অনুষ্ঠিত হয়।
বিকেলে তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার এ বি এম আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন বুয়েটের উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ শরীফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন উপ-প্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং ঢাকা জেলা রোভারের সভাপতি মিজ ফারিদা খানম।
বক্তারা বলেন, স্কাউটিং তরুণদের নেতৃত্ব, শৃঙ্খলা, দেশপ্রেম, স্বেচ্ছাসেবী মনোভাব ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের দক্ষতাভিত্তিক কর্মসূচি তরুণদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেও ইতিবাচক ভূমিকা রাখবে।
দিনব্যাপী বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম, অভিজ্ঞতা বিনিময়, তাঁবু জলসা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্কিলড বেইজড ‘ডে ক্যাম্প ২০২৬’-এর সফল সমাপ্তি হয়। অনুষ্ঠানটি আয়োজনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও বুয়েট রোভার স্কাউট গ্রুপ সার্বিক সহযোগিতা প্রদান করে।