সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের যোগদান প্রক্রিয়া আগামী ৩০ অক্টোবরের মধ্যে শুরু হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শনিবার (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগ-সংক্রান্ত এক জরুরি ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ধাপে ধাপে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান কার্যক্রম শুরু করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষকের নিয়োগ কার্যক্রমকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তবে তদন্ত ও প্রক্রিয়াগত জটিলতার কারণে যোগদান কার্যক্রম কিছুটা বিলম্বিত হয়েছে।
তিনি আরও বলেন, সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আগামী ৩০ অক্টোবরের মধ্যে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান প্রক্রিয়া শুরু করার লক্ষ্যে কাজ চলছে।
মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের দ্রুত কর্মস্থলে যোগদানের সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম জোরদার করা হয়েছে।