গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান, তত্ত্ব ও সূত্র আবিষ্কারই বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সবচেয়ে বড় কৃতিত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
রোববার (২ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কলা অনুষদের ২০২৫-২৬ অর্থবছরের গবেষণা প্রকল্পের সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শুধু পাঠদানেই সীমাবদ্ধ নন; শিক্ষাদানের পাশাপাশি গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি ও তা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেন। যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন তত্ত্ব ও সূত্র আবিষ্কার করাই একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের প্রকৃত সাফল্য।
গবেষণায় নৈতিকতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অন্যের গবেষণা বা লেখার কোনো অংশ ব্যবহার করলে অবশ্যই যথাযথভাবে তার স্বীকৃতি ও রেফারেন্স উল্লেখ করতে হবে। গবেষণার ক্ষেত্রে সততা ও একাডেমিক নীতিমালা অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা মূলত পাঠদান করেন, তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্ব পাঠদানের পাশাপাশি গবেষণার মাধ্যমে জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করা এবং নতুন প্রজন্মকে গবেষণামুখী করে তোলা।
কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল এবং গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান।
এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। স্বাগত বক্তব্য দেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)।
সেমিনারে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ২০২৫-২৬ অর্থবছরের মোট ২১টি গবেষণা প্রকল্পের ওপর এ সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।