বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নে একটি বাড়ির উঠানে বালুর বস্তায় রাখা বোমাসদৃশ বস্তু বিস্ফোরণে একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের পর আগুন থেকে বাঁচতে তারা পাশের পায়রা নদীতে ঝাঁপ দেন।
সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের মৃত শাহা আলম হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন শাহা আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম (৬০), ছোট মেয়ে ইতি আক্তার (১৯) এবং মেজো মেয়ের ছেলে ফাহিম (১৪)।
আহতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির একটি পরিত্যক্ত ঘরের পাশে রাখা বালুর বস্তায় হঠাৎ বিকট শব্দে বোমাসদৃশ একটি বস্তু বিস্ফোরিত হয়। এ সময় বাড়ির উঠানে হনুফা বেগম, তার মেয়ে ও নাতি হাঁটাহাঁটি করছিলেন। বিস্ফোরণের পর তাদের শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে যায়। আগুনের হাত থেকে রক্ষা পেতে তারা বাড়ির পাশের পায়রা নদীতে ঝাঁপ দেন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তারিকুল ইসলাম জানান, আহতদের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে ককটেলসদৃশ একটি বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছেন। তারা বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।