সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে দেওয়া বক্তব্যের একটি অংশ ভাইরাল হওয়ার পর নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তাহরিকে খতমে নবুওয়্যাত বাংলাদেশের আমির ড. মুফতি সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি দাবি করেছেন, তার বক্তব্যের একটি অংশ প্রসঙ্গ বিচ্ছিন্নভাবে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) এক প্রতিক্রিয়ায় আব্বাসী বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেন না। তার ভাষ্য, দ্বীন, জাতীয় স্বার্থ ও দেশের স্বাধীনতা রক্ষার প্রশ্নে যে কোনো দলের ভুলের সমালোচনা করে থাকেন। এনসিপির জুলাই আন্দোলনে অবদান স্বীকার করলেও ২০২৪ সালের ৫ আগস্টের পর দলটির বিভিন্ন সিদ্ধান্ত ও রাজনৈতিক অবস্থান নিয়ে গঠনমূলক সমালোচনা করেছেন বলে জানান তিনি।
ভাইরাল ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, সম্পূর্ণ বক্তব্য না শুনে খণ্ডিত অংশ প্রচার করায় তার বক্তব্যের প্রকৃত অর্থ বিকৃত হয়েছে। সমালোচকদের পুরো বক্তব্য শোনার আহ্বান জানান তিনি।
আব্বাসীর দাবি, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য ও কর্মকাণ্ড নিয়েও অতীতে তিনি প্রকাশ্যে সমালোচনা করেছেন। তাই এনসিপি নিয়ে মন্তব্য করাকে কোনো দলের পক্ষ নেওয়া হিসেবে দেখার সুযোগ নেই।
চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরকারের স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে বিদেশি প্রভাব ও সম্ভাব্য দেশবিরোধী সিদ্ধান্তের বিষয়ে জনগণকে সচেতন থাকার পরামর্শ দেন।
উল্লেখ্য, গত শুক্রবার জুমার বয়ানে এনসিপির রাজনৈতিক অবস্থান, ভাষা ও কৌশল নিয়ে করা তার মন্তব্যের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিশেষ করে প্রধানমন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে গালাগালের প্রসঙ্গে দেওয়া মন্তব্যটি ভাইরাল হওয়ার পর বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরপরই নিজের বক্তব্যের পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেন এনায়েতুল্লাহ আব্বাসী।