রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে মরিয়মের মরদেহ দেখতে পাওয়া যায়। পরে খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশ জানায়, ফ্ল্যাটের ভেতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরিয়মের মরদেহ পাওয়া যায়। মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন।
মরিয়মের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর কথিত ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পরে ওই তরুণীকে মরিয়ম খাতুন হিসেবে শনাক্ত করা হয়। গাজী নজরুল ইসলাম তাকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছিলেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে নৈতিক স্খলনের অভিযোগে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে।
মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় তার মৃত্যুর কারণ ও ঘটনার পারিপার্শ্বিকতা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।