প্রথমবারের মতো বাংলাদেশে এসে নতুন পরিচয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়ার ইচ্ছার কথা জানালেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ছোট পর্দার জনপ্রিয় চরিত্র ‘পাখি’ দিয়ে পরিচিতি পেলেও, ঢাকাই সিনেমা ‘গুলশানের চামেলি’-র মাধ্যমে তিনি চান বাংলাদেশের দর্শক তাঁকে ‘চামেলি’ নামেই চিনুক।
শনিবার (২ আগস্ট) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত সিনেমাটির মহরত অনুষ্ঠানে অংশ নিয়ে মধুমিতা বলেন, প্রথমবার বাংলাদেশে এসেই যে আন্তরিকতা ও ভালোবাসা পেয়েছেন, তাতে তাঁর মনে হয়নি তিনি নতুন কোনো দেশে এসেছেন। এই উষ্ণ অভ্যর্থনার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নতুন সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী জানান, ‘গুলশানের চামেলি’-র গল্প ও তাঁর চরিত্র দুটিই ব্যতিক্রমধর্মী। কলকাতায় এর আগে এমন চরিত্রে অভিনয় করার সুযোগ হয়নি বলেই সিনেমাটি নিয়ে তিনি ভীষণ উচ্ছ্বসিত। পুরো টিমের সঙ্গে কাজ করার সুযোগকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।
‘পাখি’ চরিত্রের জনপ্রিয়তার প্রসঙ্গ উঠলে মধুমিতা বলেন, ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের সেই চরিত্র তাঁকে অসংখ্য দর্শকের ভালোবাসা এনে দিয়েছে। তবে বাংলাদেশে তিনি নতুন একটি পরিচয় গড়ে তুলতে চান। তাঁর ভাষায়, ‘আমি চাই, এখানে সবাই আমাকে ‘চামেলি’ হিসেবেই চিনুক। ‘পাখি’ নয়, এই সিনেমার চরিত্র দিয়েই যেন দর্শকদের ভালোবাসা পাই।’
তিনি আরও জানান, সিনেমার শুটিংয়ের সময় আবার বাংলাদেশে এসে এখানকার মানুষ, সংস্কৃতি ও পরিবেশকে আরও কাছ থেকে জানার সুযোগ হবে বলে আশা করছেন।
মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলি’ সিনেমাটি নির্মিত হচ্ছে অ্যাক্সেল ফিল্ম প্রোডাকশনের ব্যানারে। চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সিনেমাটিতে মধুমিতা সরকারের পাশাপাশি অভিনয় করছেন রোজিনা, আমিন খান, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার, মুকিত জাকারিয়াসসহ আরও অনেকে। আগামী নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।