বলিউডের দুই জনপ্রিয় অভিনেতা সালমান খান ও সঞ্জয় দত্তের দীর্ঘদিনের বন্ধুত্ব আবারও আলোচনায় এসেছে। সম্প্রতি সাক্ষাতের পর সঞ্জয় দত্তকে জড়িয়ে ধরে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন সালমান খান। ছবির সঙ্গে দেওয়া আবেগঘন বার্তায় তিনি সঞ্জয়কে নিজের ‘বড় ভাই’ বলে উল্লেখ করেন এবং ভালোবাসা প্রকাশ করেন।
পোস্টের ক্যাপশনে সালমান লেখেন, ‘আই লাভ ইউ, বাবা।’ একই সঙ্গে তিনি সঞ্জয় দত্তের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী জীবন কামনা করেন। তাঁর প্রার্থনা, আল্লাহ, ভগবান ও যিশুর আশীর্বাদ যেন সব সময় সঞ্জয়ের ওপর থাকে এবং তিনি সবসময় সুস্থ ও হাসিখুশি থাকেন।
সালমানের এই পোস্ট প্রকাশের পর ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই দুই তারকার বন্ধুত্বকে বলিউডের অন্যতম আন্তরিক সম্পর্ক হিসেবে আখ্যায়িত করেছেন। কেউ মন্তব্য করেছেন, ‘এটাই সত্যিকারের ভাইয়ের সম্পর্ক,’ আবার অনেকে তাদের নতুন কোনো সিনেমায় একসঙ্গে দেখার আশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, সালমান খান ও সঞ্জয় দত্ত একসঙ্গে একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। পর্দায় তাঁদের রসায়নের পাশাপাশি বাস্তব জীবনেও দীর্ঘদিনের বন্ধুত্ব এবং সুখ-দুঃখে একে অপরের পাশে থাকার গল্প ভক্তদের কাছে বরাবরই প্রশংসিত।