ভালোবাসা, সম্পর্কের টানাপড়েন এবং ভাগ্যের নির্মম বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন নাটক ‘আমার রাজ্যে তুমি’। মাসরিকুল আলম পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, কেয়া পায়েল ও মালাইকা চৌধুরী। বিশেষ আকর্ষণ হিসেবে এই নাটকের মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তৌসিফ ও মালাইকা।
কেয়া পায়েলের সঙ্গে এর আগে একাধিক নাটকে কাজ করলেও মালাইকা চৌধুরীর সঙ্গে এবারই প্রথমবার পর্দা ভাগাভাগি করেছেন তৌসিফ মাহবুব।
নাটকটি নিয়ে তৌসিফ বলেন, এটি প্রচলিত অর্থে প্রেমের গল্প নয়; বরং সম্পর্কের নানা দিক ও তার জটিলতাকে ঘিরেই এগিয়েছে কাহিনি। একই সঙ্গে মালাইকার সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতাও তাঁর কাছে ভালো লেগেছে বলে জানান তিনি। দর্শকেরও নাটকটি ভালো লাগবে বলে আশা প্রকাশ করেন এই অভিনেতা।
নাটকটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম। তাঁর ভাষ্য, দর্শক যেন শুধু একটি সম্পর্ক নয়, সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানুষের ভেতরে কী ঘটে, সেই অনুভূতিও উপলব্ধি করতে পারেন—সেই ভাবনা থেকেই নাটকটি নির্মাণ করা হয়েছে। তাঁর বিশ্বাস, নাটকটির চরিত্রগুলো শেষ হওয়ার পরও দর্শকের মনে দীর্ঘদিন জায়গা করে নেবে।
নির্মাতার মতে, ‘আমার রাজ্যে তুমি’ এমন কিছু মানুষের গল্প, যারা গভীরভাবে ভালোবাসলেও সময়, ভুল সিদ্ধান্ত ও ভাগ্যের কাছে শেষ পর্যন্ত পরাজিত হয়। সম্পর্কের জটিলতা এবং তার দীর্ঘস্থায়ী প্রভাবই নাটকটির মূল উপজীব্য।
জানা গেছে, খুব শিগগিরই নাটকটি ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।