রিয়ালিটি শো ‘লকআপ ২’ থেকে বিদায় নেওয়ার পর আবারও আলোচনায় এসেছেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চৌধুরী। এবার তিনি ক্যারিয়ারের শুরুর দিকে কাস্টিং কাউচের মুখোমুখি হওয়ার এক তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। তার অভিযোগ, বিনোদন অঙ্গনের এক প্রভাবশালী ব্যক্তি অর্থের বিনিময়ে আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আকাঙ্ক্ষা জানান, একটি বিউটি পেজেন্টে অংশ নিতে পোশাক, প্রশিক্ষণসহ বিভিন্ন খাতে প্রায় ১ থেকে ২ লাখ রুপি প্রয়োজন ছিল। সে সময় পরিবারের পক্ষে এত অর্থ জোগাড় করা সম্ভব না হওয়ায় তিনি পেজেন্ট-সংশ্লিষ্ট এক পরিচিত ব্যক্তির কাছে আর্থিক সহায়তা চান।
অভিনেত্রীর ভাষ্য, অর্থের বিনিময়ে কয়েক মাস ওই ব্যক্তির প্রতিষ্ঠানে কাজ করতেও তিনি রাজি ছিলেন। পরে ওই ব্যক্তি তাকে নিজের বাসায় ডাকেন। আগে সেখানে যাওয়ার অভিজ্ঞতা থাকায় কোনো সন্দেহ ছাড়াই তিনি সেখানে যান।
আকাঙ্ক্ষার অভিযোগ, দেখা হওয়ার পর ওই ব্যক্তি প্রথমে তাকে আলিঙ্গনের চেষ্টা করেন এবং পরে জোরপূর্বক ধরে ফেলেন। নিজেকে ছাড়িয়ে নেওয়ার পর ওই ব্যক্তি তাকে বলেন, আরও আগে তার কাছে এলে ইন্ডাস্ট্রিতে অনেক বড় হওয়া যেত।
এরপর অর্থ দেওয়ার শর্ত হিসেবে ওই ব্যক্তি যৌন সম্পর্কের প্রস্তাব দেন বলে অভিযোগ করেন আকাঙ্ক্ষা। এমনকি মাসে কতবার শারীরিক সম্পর্ক করতে হবে, সেটিও শর্ত হিসেবে উল্লেখ করেছিলেন বলে দাবি তার।
ঘটনার বিষয়ে আকাঙ্ক্ষা বলেন, যদি তিনি আগে ওই ব্যক্তির প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারতেন, তাহলে কখনোই সেখানে যেতেন না। প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ওই ব্যক্তি তাকে ভবিষ্যতে এই সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হতে হবে বলেও মন্তব্য করেছিলেন।
তবে সেই সিদ্ধান্তের জন্য কোনো অনুশোচনা নেই বলে জানান অভিনেত্রী। তার দাবি, কয়েক মাসের মধ্যেই তিনি একটি বড় শোয়ে সুযোগ পান এবং এক বছরের মধ্যে দেশের অন্যতম বড় একটি মঞ্চে কাজ করার সুযোগ অর্জন করেন। নিজের বর্তমান অবস্থানকে তিনি সম্পূর্ণ পরিশ্রমের ফল বলেই উল্লেখ করেছেন।
তবে অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তির নাম প্রকাশ করেননি আকাঙ্ক্ষা চৌধুরী। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির কোনো বক্তব্যও এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি।