একদিকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ওয়েব সিরিজ ‘অ্যানি’ দেশের দর্শকদের জন্য মুক্তির অপেক্ষায়, অন্যদিকে নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’-এ প্রকাশ পেয়েছে নাজিফা তুষির প্রথম লুক। একই সময়ে দুটি ভিন্ন ঘরানার প্রজেক্ট নিয়ে আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।
পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদের ওয়েব সিরিজ ‘অ্যানি’ শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে। সম্প্রতি এক অনুষ্ঠানে সিরিজটি নিয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়। প্রযোজক এহসানুল হক জানিয়েছেন, খুব শিগগিরই মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
জার্মানির সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল-এর ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে প্রিমিয়ারের মাধ্যমে আন্তর্জাতিক দর্শকদের নজর কাড়ে ‘অ্যানি’। এবার দেশের দর্শকদের জন্য এটি উন্মুক্ত করার প্রস্তুতি চলছে।
এই সিরিজে প্রথমবারের মতো আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় কাজ করেছেন নাজিফা তুষি। তিনি বলেন, আন্তর্জাতিক উৎসবে প্রশংসা পাওয়ার পর এখন দেশের দর্শকের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছেন। তাঁর ভাষায়, “আমরা শেষ পর্যন্ত দেশের দর্শকদের জন্যই কাজ করি। তারা কীভাবে গ্রহণ করবেন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
তুষি জানান, ‘রইদ’ সিনেমারও আগে ‘অ্যানি’-র শুটিং শেষ হয়েছিল। এটি তাঁর কাছে একটি বিশেষ ও এক্সপেরিমেন্টাল কাজ, যা অভিনয়শিল্পী হিসেবে তাঁকে নতুন অভিজ্ঞতা দিয়েছে।
এদিকে শুক্রবার সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’-এ নাজিফা তুষির প্রথম লুক। নির্মাতা শুটিং সেটের মনিটর থেকে নেওয়া একটি স্থিরচিত্র শেয়ার করে জানান, এটি অফিসিয়াল পোস্টার নয়, বরং শুটিং চলাকালের একটি মুহূর্ত। তাঁর দাবি, এই সিনেমায় দর্শক নাজিফা তুষিকে নতুন ও সবচেয়ে মোহময় রূপে দেখতে পাবেন।
নিজের ফেসবুক পোস্টে তুষি জানান, প্রায় এক বছর ধরে তিনি ‘নদী’ চরিত্রটি নিয়ে নীরব ছিলেন। লুক প্রকাশের পর তিনি লেখেন, ‘আন্ধার’-এর ‘নদী’ এখন পর্যন্ত আমার অভিনীত সবচেয়ে প্রিয় চরিত্র। এটি যেমন চ্যালেঞ্জিং ছিল, তেমনি অভিনয়শিল্পী হিসেবে ভীষণ তৃপ্তিদায়ক। আশা করি দর্শকরাও বড় পর্দায় চরিত্রটি উপভোগ করবেন।
অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর গল্পে নির্মিত ‘আন্ধার’ প্রযোজনা করছে ২২১বি। সিনেমাটিতে নাজিফা তুষির পাশাপাশি অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, রেহান, আফসানা মিমি ও স্বর্ণালি চৈতী।