ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে দেশের সব সমুদ্র, স্থল ও বিমানবন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, বেসরকারি খাতের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর ও ঢাকা বিমানবন্দরে ২৪ ঘণ্টা বাণিজ্যিক কার্যক্রম চালুর প্রস্তাব দেওয়া হলে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে দেশের সব বন্দরে একই ধরনের সেবা নিশ্চিত করার নির্দেশ দেন। সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো সমন্বয়ের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে।
মাহদী আমিনের ভাষ্য, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও দ্রুত হবে, পণ্য খালাসে সময় কমবে এবং ব্যবসা-বাণিজ্যের গতি বাড়বে।
বৈঠকে বেসরকারি খাতের বিভিন্ন সমস্যা, বিনিয়োগের পরিবেশ এবং শিল্পায়নের প্রতিবন্ধকতা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এ কীভাবে আরও বেশি দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা যায় এবং বিদ্যমান জটিলতা দূর করা যায়, সে বিষয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, বেসরকারি খাতের বিকাশে প্রয়োজনীয় নীতিগত সহায়তা অব্যাহত থাকবে। ব্যবসাবান্ধব ও বিনিয়োগবান্ধব নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশের তরুণ ও নারীদের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হবে।
মাহদী আমিন বলেন, বৈঠকে উত্থাপিত বিভিন্ন নীতিগত প্রস্তাবের বিষয়ে প্রধানমন্ত্রী তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়ায় ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন। সরকারের লক্ষ্য ব্যবসা সহজীকরণ, বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা।