বাংলাদেশের অর্থনীতি ও বিনিয়োগ সম্ভাবনার প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহ আরও জোরালো হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও অর্থনৈতিক সংস্কার কার্যক্রমে তাদের অব্যাহত সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।
শনিবার (১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ড. মাহদী আমিন বলেন, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা এবং অর্থনৈতিক সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং সংস্কার কার্যক্রমের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
তিনি জানান, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার ব্যবসা পরিচালনার প্রতিবন্ধকতা দূর, শিল্পায়ন ত্বরান্বিত এবং নীতিগত সহায়তা জোরদারে কাজ করছে। পাশাপাশি সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে দেশের সমুদ্র ও স্থলবন্দরগুলোতে ২৪ ঘণ্টা সেবা চালুর বিষয়ে সরকার কাজ করছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে পণ্য পরিবহনের সময় ও ব্যয় কমবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে।
এদিকে, একই দিনে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিনিয়োগ পরিবেশ, জ্বালানি সরবরাহ, শিল্প উৎপাদন বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। সরকার ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে অর্থনীতিকে আরও গতিশীল করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।