জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া শিক্ষার্থী রিতা আক্তারের কবর জিয়ারত করেছেন জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের সংসদ সদস্য এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। এ সময় তিনি শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টায় জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামে শহীদ রিতা আক্তারের কবর জিয়ারত করেন প্রতিমন্ত্রী। পরে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে শহীদ পরিবারের প্রতি সম্মান ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী নাজমা আরা বারী, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মাহবুব, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, শহীদ রিতা আক্তারের পরিবারের সদস্য, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের দিন ঢাকার মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন রিতা আক্তার। আন্দোলনের একপর্যায়ে তিনি গুলিবিদ্ধ হন এবং পরে মারা যান। পরবর্তীতে তাঁর মরদেহ জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি ঢাকার দুয়ারীপাড়া কলেজের শিক্ষার্থী ছিলেন।