রাজধানীর সদরঘাট এলাকায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন। অভিযানে প্রকাশ্যে ধূমপানের দায়ে এক ব্যক্তিকে ৫০০ টাকা এবং দুটি যাত্রীবাহী লঞ্চে বাধ্যতামূলক ‘নো স্মোকিং’ সাইনেজ না থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬-এর আওতায় সদরঘাট টার্মিনাল ও আশপাশের এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ সাইফুন্নাহার।
অভিযান চলাকালে সদরঘাট টার্মিনালে প্রকাশ্যে ধূমপানের দায়ে মোহাম্মদ আবির নামে এক ব্যক্তিকে আইনের ধারা ৪ অনুযায়ী ৫০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া আইন অনুযায়ী প্রতিটি পাবলিক পরিবহনে দৃশ্যমান স্থানে ‘নো স্মোকিং’ সাইনেজ প্রদর্শন বাধ্যতামূলক হলেও ময়ূর-৭ ও এমভি সুরভি লঞ্চে তা না থাকায় ময়ূর-৭-এর ম্যানেজার আবুল এবং এমভি সুরভির সুপারভাইজার মোহাম্মদ শিমুলকে পৃথকভাবে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সদরঘাট নৌ থানার সাব-ইন্সপেক্টর সজিব আহমেদ। অভিযানে সহযোগিতা করে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজ অব সোসাইটি (ডাস) এবং নাটাবের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রতিনিধিরা।
অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনকে ধূমপানমুক্ত রাখতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ভবিষ্যতেও নিয়মিত মোবাইল কোর্ট ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে।