ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ঢাকা-১৮ আসনের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়ক ও ড্রেন সংস্কারকাজ পরিদর্শন করে ডিএনসিসি প্রশাসক বলেছেন, কয়েক দিনের ভারী বর্ষণে উন্নয়নকাজে কিছুটা বিঘ্ন ঘটলেও জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে সিটি কর্পোরেশন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ঢাকা-১৮ আসনের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কারকাজের অগ্রগতি রবিবারা (২৬ জুলাই) সরেজমিনে পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক।
পরিদর্শনকালে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী একজন মানবিক প্রধানমন্ত্রী। দেশের জনগণ যাতে আবার বিএনপির প্রতি আস্থা রাখতে পারে এবং সেই আস্থার প্রতিদান দিতে পারে, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ অব্যাহত থাকবে।
তিনি জানান, গত কয়েক দিনের ভারী বর্ষণের কারণে উন্নয়নকাজে কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে এলাকার মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি নিজে এবং সংশ্লিষ্ট সংসদ সদস্য সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করেছেন। সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত উন্নয়নকাজ বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।
ডিএনসিসি প্রশাসক বলেন, এখন কথা কম হবে, কাজ হবে বেশি। জনগণের কল্যাণেই আমরা কাজ করে যাব।
এ সময় সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমের মাধ্যমেই এলাকার মানুষের দুর্ভোগের বিষয়টি জানতে পেরেছেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, এ তথ্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।