আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন সুধা সদন থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে ধানমন্ডির ৫ নম্বর সড়কের ওই বাড়ি থেকে মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন ধানমন্ডি থানার এসআই ওয়াদুজ্জামান।
নিহত যুবকের নাম মো. শাকিল (২০)। তার বাড়ি মোহাম্মদপুরের জিগাতলার শিবপুর টালি অফিস এলাকায়।
এসআই ওয়াদুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা জানতে পারেন, সুধা সদনের একটি পরিত্যক্ত কক্ষে এক অজ্ঞাত যুবক গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আঙুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার ডাকনাম ‘সুধা মিয়া’ থেকে বাড়িটির নাম রাখা হয়েছিল ‘সুধা সদন’। একসময় এটি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ব্যক্তিগত কার্যালয় হিসেবেও ব্যবহৃত হতো। সেখানে নিয়মিত নেতাকর্মীদের যাতায়াত ছিল।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার ধানমন্ডির এই বাড়িতে কয়েক দফা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বর্তমানে সেখানে ভবঘুরেদের চলাচল রয়েছে।