রাজধানীর মিরপুর-১ এলাকার শাহ আলী কাঁচা বাজারে অভিযান চালিয়ে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেলি মেশানো ৪০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একই অভিযানে অসুস্থ খাসির কলিজাও জব্দ করে ধ্বংস করা হয়। বাজারের বিভিন্ন দোকানে মূল্যতালিকা না থাকা ও মাছ-মাংসের দোকানে লাল বাতি ব্যবহারের মতো অনিয়মও ধরা পড়ে।
রাজধানীর মিরপুর-১ এলাকার শাহ আলী কাঁচা বাজারে মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) নেতৃত্বে একটি সমন্বিত অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে কৃষি বিপণন অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
অভিযান চলাকালে দেখা যায়, কয়েকজন অসাধু ব্যবসায়ী চিংড়ির ওজন বাড়ানোর উদ্দেশ্যে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেলি পুশ করে বিক্রি করছেন। এ সময় ৪০ কেজি জেলি মেশানো চিংড়ি জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
এছাড়া একটি দোকানে অসুস্থ খাসির কলিজা বিক্রি করতে দেখা যায়। প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়ার পর সেটিও জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযানে আরও দেখা যায়, অধিকাংশ মাছ, মাংস ও সবজির দোকানে পণ্যের মূল্যতালিকা টাঙানো নেই। পাশাপাশি মাছ ও মাংসের দোকানে লাল বাতি ব্যবহার করা হচ্ছিল, যা তাৎক্ষণিকভাবে অপসারণের নির্দেশ দেওয়া হয়।
এসব অনিয়ম আগামী ৩০ দিনের মধ্যে সংশোধনের জন্য বাজার মালিক সমিতিকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে পরবর্তী অভিযানে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক বি. এম. রুহুল আমিন রিমন। তিনি বলেন, জনস্বার্থে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সমন্বয়ে প্রতি মাসে একবার এ ধরনের অভিযান পরিচালনা করা হয়। এর ধারাবাহিকতায় আজ শাহ আলী কাঁচা বাজারে অভিযান পরিচালিত হয়েছে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করেন।