রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পেছন থেকে অজ্ঞাতপরিচয় দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের বয়স আনুমানিক ৫৮ ও ৬০ বছর। মরদেহ দুটির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) পেছনে দুই নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে হাসপাতালের তাদের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব আলী জানান, খবর পেয়ে অচেতন অবস্থায় পড়ে থাকা দুই নারীকে দ্রুত জরুরি বিভাগে আনা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তাদের পরিচয় শনাক্তের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। পরিচয় নিশ্চিতের পাশাপাশি মৃত্যুর কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।