প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক মানুষ এবং তার নেতৃত্বেই বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে অনুসরণ করে দেশ গঠনের কাজে সবাইকে একযোগে কাজ করতে হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর মিরপুর-১৪ এলাকার বাংলাদেশ নৌবাহিনীর বিএন কলেজে অনুষ্ঠিত ‘স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, শিক্ষার্থীদের জনসেবামূলক কর্মকাণ্ড ও পরিচ্ছন্নতা অভিযানে সম্পৃক্ততার মাধ্যমে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ বাস্তবায়ন আরও সহজ হবে। তিনি বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও এ ধরনের উদ্যোগে উৎসাহিত করবে।
তিনি আরও জানান, এ কর্মসূচিকে ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিয়ে জনসচেতনতা বৃদ্ধি, নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করা এবং সিটি কর্পোরেশনের সেবাগুলো জনগণের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প, প্রতিভা, গান ও নৃত্য পরিবেশনার প্রশংসা করেন ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, চেষ্টা থাকলে সফলতা আসবেই। শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাগুলো নগরের প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় ছড়িয়ে দিয়ে পরিচ্ছন্ন নগর গঠনে কাজে লাগানো হবে।
পুরস্কার বিতরণ শেষে নৌবাহিনী কলেজ, ডেন্টাল কলেজ ও নেভি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে আধুনিক ডাস্টবিন ব্যবহারের সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয় এবং শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
বাংলাদেশ নেভি কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম. ইসমাইল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর হুমায়ুন কবীর, শিক্ষক, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।